১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নীলফামারী জেলা শাখার উদ্যোগে পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার ( ১১ মে ) সকাল ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরামের জেলা সভাপতি সাহীবুর রহমান। বক্তব্য দেন সংগঠনের জেলা সহ-সভাপতি মিনাতুল্লাহ ও আলমগীর হোসেন, ফারিয়া জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এবং সদর শাখার সভাপতি জিন্নাত খাঁন।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত অপমানজনক। তারা দাবি করেন, এই পেশায় নিয়োজিতরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি, যারা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও এখনো এই পেশার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতে কার্যকর নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। আমাদের দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সর্বশেষ