১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন মোনামী। সোমবার (১১ মে) বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের একদিন পরই তিনি এই সিদ্ধান্ত নিলেন।

ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন পোস্টে মোনামী তার এই সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, শিক্ষকতা জীবনের দীর্ঘ সাত বছরে প্রশাসনিক দায়িত্ব পালনের বিশেষ কোনো ইচ্ছা না থাকলেও, গত বছরের ২৮ আগস্ট নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে দেশ ও নিজ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করার স্বপ্নে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করে শেহরীন মোনামী লিখেন:

“জুলাই এবং জুলাই পরবর্তী এমন পরিস্থিতি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম ফেস করেনি। আমি জানি না আমার টেনিউরে আমি কতটা সফল ছিলাম, তবে একজন অসাধারণ মানুষের (সাইফুদ্দীন আহমেদ) নেতৃত্বে চমৎকার একটি টিমের সাথে কাজ করা আমার জন্য অভাবনীয় অভিজ্ঞতা ছিল।”

তিনি আরও জানান, সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের কাছ থেকে তিনি ধৈর্য, প্রতিকূল পরিস্থিতি হাসিমুখে মোকাবিলা করা এবং আত্মসম্মান বজায় রাখার শিক্ষা পেয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বিদায়ী প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন টিম অত্যন্ত সফলভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, গত রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তার পদত্যাগের পর থেকেই প্রক্টোরিয়াল বডির অন্যান্য সদস্যদের অবস্থান নিয়ে গুঞ্জন শুরু হয়, যার ধারাবাহিকতায় আজ শেহরীন মোনামী পদত্যাগ করলেন।

সর্বশেষ