১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

হজ কবুলের জন্য যা যা করা জরুরি

হজের গুরুত্ব, ফজিলত এবং কবুল হওয়ার শর্ত নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন পবিত্র মসজিদ আল-হারাম তথা কাবা শরিফের ইমাম ও খতিব শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানি। তিনি বলেছেন, হজে যাওয়ার আগে নিয়ত শুদ্ধ করা এবং হজের ব্যয়ের অর্থ হালাল উপার্জনের কি না, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কেননা হালাল উপার্জন ও বিশুদ্ধ নিয়ত ছাড়া হজ কবুলের আশা করা যায় না। হালাল উপার্জন ও বিশুদ্ধ নিয়তেই কেবল আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার আশা করা যায়।

শুক্রবার (৮ মে) পবিত্র মক্কার মসজিদুল হারাম তথা কাবা শরিফে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। সৌদি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খুতবায় শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ যথাযথভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পবিত্র দুই হারাম শরিফ—মক্কা ও মদিনায় অবস্থানের সময় প্রত্যেক হজযাত্রীর উচিত সর্বোচ্চ আদব, শিষ্টাচার ও সংযম বজায় রাখা।

তিনি আরও বলেন, হজ কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়ার এক মহাসফর। তাই হজের প্রতিটি কাজ সুন্নাহ অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করতে হবে। কুরআনের নির্দেশ—

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ

‘তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও ওমরাহ পূর্ণভাবে সম্পন্ন কর।’ (সুরা আল-বাকারাহ: আয়াত ১৯৬)

খুতবায় সৌদি সরকারের হজ ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। বিশেষ করে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনা প্রদান এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে তিনি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তার ভাষায়, এসব ব্যবস্থার কারণে হজযাত্রীদের নানা কার্যক্রম এখন আরও সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে।

খুতবার শেষাংশে ইমাম হজযাত্রীদের উদ্দেশে আন্তরিক তওবার আহ্বান জানান। তিনি বলেন, এই আধ্যাত্মিক সফরকে কাজে লাগিয়ে মহান আল্লাহর কাছে খাঁটি অন্তরে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং গুনাহমুক্ত জীবনের সংকল্প নিতে হবে। হাদিসে এসেছে—

الْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ

‘মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।’ (বুখারি ১৭৭৩, মুসলিম ১৩৪৯)

খুতবার শেষ দিকে তিনি মুসল্লিদের স্মরণ করিয়ে দেন, হজ জীবনের অন্যতম শ্রেষ্ঠ সুযোগ। তাই অবহেলা বা অসচেতনতার কারণে এই মহামূল্যবান ইবাদতের ফজিলত যেন কেউ হারিয়ে না ফেলেন।

 

 

সর্বশেষ