পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ভবানীপুর আসনকে ঘিরে নাটকীয় লিড বদলের চিত্র দেখা যাচ্ছে। কয়েক দফা এগিয়ে-পিছিয়ে থাকার পর বর্তমানে নিজ আসনে আবারও এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চার দিনের কড়া নিরাপত্তায় স্ট্রং রুম পাহারার পর সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই নজর ছিল ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভবানীপুরে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। যদিও গণনার শুরুর দিকে তিনি পিছিয়ে ছিলেন এবং তখন এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। কয়েক দফা গণনার পর পরিস্থিতি বদলে আবার লিড ফিরে পান তৃণমূল নেত্রী।
রাজ্যজুড়ে চিত্রও প্রায় একইরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে সর্বশেষ প্রবণতায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২৯৪টি আসন থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। ফলে প্রতিটি আসনের ফলাফলই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা আসনে নির্বাচনী অনিয়ম ও অপরাধের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে। সেখানে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ২৪ মে ওই আসনের ভোট গণনা করা হবে।