১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নের আহ্বান করলেন নজরুল ইসলাম খান

শ্রমজীবী মানুষের অধিকার ও তাদের জন্য দলীয় অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জিয়াউর রহমানকে স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, তিনি (জিয়াউর রহমান) নিজেকে শ্রমিক পরিচয়ে অভিহিত করে শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। 

পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে খালেদা জিয়া লেবার বোর্ড ও লেবার ফাউন্ডেশনের মতো উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছিলেন। শ্রমিকদের জন্য শহীদ জিয়াউর রহমান ও বেগম জিয়া যা করতে চেয়েছিলেন, তা বাস্তবায়িত হলে আপাতত শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। 

শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে থেকেও গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে শ্রমজীবী মানুষের কল্যাণে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টায় পরিশ্রম করে যাচ্ছেন।

বর্তমান সময়ে শ্রমিকদের সব দাবি একসঙ্গে পূরণ হওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে শ্রমজীবী মানুষের স্বার্থে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, তিনি ১৯৭৮ সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত এবং শ্রমিক দলের প্রতিষ্ঠাকাল থেকে কাজ করছেন। এজন্য শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সর্বশেষ