৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

২৩ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টিরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মুহাম্মাদ আলী আছগারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে সাধারণত অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় উল্লেখ থাকে না। এ কারণে সারাদেশে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা হয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নির্ধারণ করা সম্ভব নয় এবং এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্যও নেই।

তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের ‘ফ্যাসিস্ট শাসনামলে’ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে কত মামলা হয়েছে সে সম্পর্কেও সরকারের কাছে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই।

মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়। ২০২৬ সালের ৫ মার্চ গঠিত ওই কমিটির নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট। চার সদস্যবিশিষ্ট এই কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রয়োজনে চার্জশিটের সত্যায়িত কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়।

পর্যালোচনায় যদি দেখা যায় কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে, জনস্বার্থে মামলা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই এবং এতে রাষ্ট্রের ক্ষতি হতে পারে, তাহলে কমিটি তা প্রত্যাহারের সুপারিশ করে সরকারের কাছে পাঠায়।

তিনি আরও জানান, জেলা কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকার ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে।

আইনমন্ত্রী বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ