২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

ইরানে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে করে পেট্রোল ও গ্যাসোলিনের বাজারে চাপ তৈরি হয়েছে এবং ভোক্তা পর্যায়ে খরচ বেড়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (প্রায় ৩ দশমিক ৭৮ লিটার) গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ১৮ ডলার, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দাম ৪ ডলারের ওপরে উঠেছিল। সে সময় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল প্রায় ৪ দশমিক ১৫ ডলার।

এক বছর আগেও যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল—প্রতি গ্যালন প্রায় ৩ দশমিক ১৫ ডলার।

তবে দেশজুড়ে জ্বালানির দামে বড় ধরনের তারতম্য দেখা যাচ্ছে। তেল ও গ্যাস উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোতে, যেমন টেক্সাসে, প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় ৩ দশমিক ৭৮ ডলার। অন্যদিকে উৎপাদন না থাকা কিছু রাজ্যে, যেমন ক্যালিফোর্নিয়ায়, দাম ৫ দশমিক ৯৬ ডলার পর্যন্ত পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছে। বিশ্বের মোট জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত। তবে বর্তমান পরিস্থিতিতে তা কমে প্রতিদিন মাত্র ৮ থেকে ১০টি জাহাজে নেমে এসেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

সর্বশেষ