বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এপ্রিল ২৯, ২০২৬ Imran Hossain
2902
Share: Facebook X WhatsApp

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে—এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

এ খবরের পর আজ বুধবার সকালে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম টানা আট দিন ধরে বাড়ছে। জুন মাসের সরবরাহের জন্য এ তেলের দাম ৫২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। জুনের চুক্তির মেয়াদ এ সপ্তাহে শেষ হওয়ায় জুলাই মাসের সরবরাহের আগাম দামও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮৪ ডলার হয়েছে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এ তেলের দাম বেড়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কাটছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *