নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরী ‘নর্ড’

এপ্রিল ২৮, ২০২৬ Times Asian24
Share: Facebook X WhatsApp

রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের মালিকানাধীন প্রমোদতরি ‘নর্ড’। প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের এই বিশাল ইয়টটি গত রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাট বন্দরে নোঙর করে। খবর বিবিসির।

শিপিং ডেটা অনুযায়ী, ৪৬৫ ফুট দৈর্ঘ্যের এই প্রমোদতরি গত শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১৪:০০টায় দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে। শনিবার সকালে এটি অত্যন্ত কড়া পাহারায় থাকা হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এই পথ দিয়ে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ। যেখানে আগে দৈনিক গড়ে ১৪০টি জাহাজ চলত, সেখানে বর্তমানে হাতেগোনা কয়েকটি বাণিজ্যিক জাহাজ যাতায়াতের অনুমতি পাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিলাসতরী কীভাবে যাওয়ার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্টিল ব্যবসায়ী আলেক্সি মোর্দাসোভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যদিও নর্ড-এর মালিক হিসেবে তার নাম সরাসরি নেই, তবে ২০২৫ সালের রেকর্ড অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ ফার্মের নামে নিবন্ধিত।

রাশিয়া ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কই এই চলাচলের মূল চাবিকাঠি বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালে দেশ দুটির মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির চুক্তির পর এই সম্পর্ক আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম ইয়টগুলোর অন্যতম এই ‘নর্ড’-এ রয়েছে ২০টি স্টেরুম বা বিলাসবহুল শয়নকক্ষ, সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি ব্যক্তিগত সাবমেরিন। বর্তমানে এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *