২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI), ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা। সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র বলছে, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই শঙ্কার কথা জানানো হয়। কিন্তু এ চিঠির বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা স্বীকার করেনি। তবে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা চিঠির সত্যতার বিষয়ে যুগান্তরকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেফতার নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নিয়মিত যোগাযোগ রাখছিলেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত দুই সদস্যের সঙ্গে। তাদের এই যোগসাজশের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল স্থানে নাশকতা চালানো। চিঠিতে আরও উল্লেখ করা হয়, উগ্রবাদীরা জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো স্থানে বোমা বিস্ফোরণ বা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে।

এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তাদের থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই চক্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

এই হুমকির পরিপ্রেক্ষিতে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বৃদ্ধি এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনার অনুলিপি র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, সব রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে জনসমাগমস্থলে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সর্বশেষ