গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

ডিসেম্বর ৩, ২০২৫ Times Asian24
ashulia 20251203210154
Share: Facebook X WhatsApp

সাভারের আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীরের মাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।  এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর)  আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগলা টানবাড়ী গ্রামের ওমর ভূইয়ার ছেলে দেলোয়ার ভূইয়া (২২), মানিকগঞ্জের হরিরামপুর থানার কলাহাটা গ্রামের জাকির হোসেন চিশতি মেথুর ছেলে তাজুল ইসলাম তাজ (২০), নেত্রকোনার বারহাট্টা থানার সাহামোয়াটি গ্রামের বিবেক চন্দ্র সাহার ছেলে শ্রাবন সাহা উৎস (২১) এবং ঢাকার আশুলিয়া থানার নিরিবিলি এলাকার আবুল দেওয়ানের ছেলে অন্তু দেওয়ান (২৪)। সবাই গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

পুলিশ জানায়, গত সোমবার ওই শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্তরা ঘুরতে বের হয়। এর এক পর্যায়ে নেশা দ্রব্য খাইয়ে সাভারের বাইপাইল এলাকায় পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী তরুণী বিশ্ববিদ্যালয়ে এসে মঙ্গলবার (২ ডিসেম্বর) আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান মিডিয়াকে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে চারজনকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
গণবিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী রেজিস্টার সারমিন সুলতানা ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি অবহিত করেনি। কোনো অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *