চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে অভিনব প্রতিবাদ: চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল

September 30, 2026 • Times Asian24
4b90b8ffdb26c12e68872ca08eb43fb5 6abcd6ae7645f
Share: Facebook X WhatsApp

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় স্বপদে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে ক্যাম্পাসে এক ব্যতিক্রমী ও প্রতীকী প্রতিবাদ মিছিল বের করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

​মিছিলে অংশ নেওয়া বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের চোখে কালো কাপড় বেঁধে পদযাত্রা করেন। তাঁদের অভিযোগ, টানা ৯ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক নীরবতা বজায় রাখছে। এই অচল অবস্থা এবং প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ জানাতেই প্রতীকীভাবে চোখে কাপড় বেঁধেছেন তাঁরা।

​মিছিল শেষে চুয়েটের শিক্ষার্থী নুরুল আমিন বলেন, “দায়িত্ব নেওয়ার পর মাত্র ৫৬ দিনের মধ্যে ড. সায়েম স্যার শিক্ষার্থীদের স্বার্থে একাধিক আধুনিক ও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ নিয়েছিলেন। সম্পূর্ণ ভিত্তিহীন ও সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই তাঁকে পদচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত অন্যায্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন থামবে না।”

​উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ড. সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর দিন থেকেই চুয়েট ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হয়। ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে চুয়েট শিক্ষক সমিতিও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *