খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার আধাবেলা সড়ক অবরোধ

সেপ্টেম্বর ২৫, ২০২৫ Times Asian24
khagrachari 68d4f9d51a7e0
Share: Facebook X WhatsApp

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার এবং নারীদের নিরাপত্তার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ করা হয়েছে।

অবরোধের কারণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

ভোরে অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল, খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল, নয় মাইলসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি অপসারণ করে। 

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা মানিকছড়িসহ বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে এবং সড়কের পাশের গাছ কেটে পিকেটিং করা হয়েছে।

অবরোধের কারণে তিন সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাসহ ছোট আকারের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও তা পরিমাণে কম। বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবাজার হলেও তেমন দেখা যায়নি দূর-দূরান্ত থেকে আসা কোনো পাহাড়ি ক্রেতা ও বিক্রেতাকেও।  এদিকে অবরোধে সময় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী- জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

  ওসি আরও বলেন, মঙ্গলবার মারমা কিশোরীক ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে সেনাবাহিনীর সহায়তায়  গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায়  ভিকটিমের বাবা তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন। আরও দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *