বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় মেজর আখতারুজ্জামানের জামিন বহাল
বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় মেজর আখতারুজ্জামানের জামিন
বয়স, অসুস্থতা ও মুক্তিযোদ্ধা পরিচয় বিবেচনায় হাইকোর্টের আদেশ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান।
রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী শিশির মনির। তিনি জানান, আখতারুজ্জামানের বয়স, অসুস্থতা, সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত তাঁকে জামিন দিয়েছেন।
এর আগে গত ২ অক্টোবর রাজধানীর নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হুমকি-ধমকির ঘটনা ঘটে।
পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই এবার হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিনি।