১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

৮ বছর পর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণা, ৩ জনেরই পদত্যাগ

দীর্ঘ বছর পর ছাত্রদলের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই নবগঠিত কমিটির সদস্য ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় জেলাজুড়ে আলোচনাসমালোচনার সৃষ্টি হয়েছে। 

পদত্যাগকারী নেতারা হলেন- নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহামুদ।

জানা গেছে, গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের এই ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার কিছু সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই তিন নেতা। তাদের পোস্টে কমিটি গঠন নিয়ে অসন্তোষ ও হতাশার ইঙ্গিত পাওয়া গেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এদিকে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ নতুন নেতৃত্বকে স্বাগত জানালেও আবার কেউ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

ফেসবুক পোস্টে  নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান শাহেদ লিখেছেন ‘তকদির ও তদবিরের কাছে হার মেনে, প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিদায় নিলাম।’

অপর পোস্টে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম লিখেছেন- ‘যার জন্য জীবন যৌবন, পরিবার ধ্বংসের দারপ্রান্তে। বিদায় বলা কষ্টের তারপরও বিদায় ছাত্রদল।’

অন্যদিকে কমিটি ঘোষণার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পদত্যাগের ঘোষণা দিয়ে বখতিয়ার মাহমুদ লেখেন, ‘স্বার্থ নয়, আদর্শের ডাকেই জীবনের সবচেয়ে সোনালী সময়টুকু উৎসর্গ করেছি এই দলের জন্য। বিদায় ছাত্রদল, আল্লাহ ভরসা!’

এই বিষয়ে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. ইমরান হোসেন বলেন, কমিটি থেকে তিন নেতার পদত্যাগের কোনো কাগজ আমরা হাতে পাইনি। পদত্যাগের কাগজ হাতে পেলে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

সর্বশেষ