স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি বন্ধ করা সময়ের সবচেয়ে বড় দাবি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর শেওড়াপাড়ায় প্রাক হেলথ কেয়ারের ২য় সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শিক্ষা, চিকিৎসাসহ নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করার দায়িত্ব সরকারের। সে নিশ্চয়তার জন্য জনগণ সরকারকে কর প্রদান করে। কিন্তু সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে পারেনি বরং এ খাত এখন সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে। তাই এ সমস্যা সমধানের জন্য আসন্ন বাজেটে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে লাগামহীন দুর্নীতি বন্ধ করা সময়ের সবচেয়ে বড় দাবি। সরকার স্বাস্থ্যখাতে কর্মরত দ্বীনদার লোকদের হয়রানিমূলকভাবে বদলি করছে। যা স্বাস্থ্যখাতে নৈরাজ্য সৃষ্টি করছে। তাই জনগণের স্বাস্থ্যসেবা গতিশীল রাখতে এ হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা ডিএনসিসিকে স্বাস্থ্যবান্ধব নগরীতে পরিণত করতে চাই। আমরা এমন এক স্বপ্নের নগরী প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা নিশ্চিত হবে। মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। যাদের চিকিৎসা নেওয়ার সামর্থ নেই তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। কারণ, মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা ডিএনসিসিকে এক জনবান্ধব নগরীতে পরিণত করতে চাই, যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে।
সংগঠনের চেয়ারম্যান কর্নেল (অব.) প্রফেসর ডা. জেহাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাকের এডমিন ইনচার্জ মো. জুবায়ের হোসাইন রাজন ও প্রাক শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর মো. রায়হান উদ্দিন প্রমুখ।