হাসিনাকে সুযোগ দিয়ে জুলাইয়ের রক্ত ও দেশের সার্বভৌমত্বকে অপমান করছে ভারত: রিজভী
দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টিকে দেশের সার্বভৌমত্ব ও ‘জুলাই বিপ্লবের’ শহীদদের আত্মত্যাগের অবমাননা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করে রিজভী বলেন, “পলাতক আসামি শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ দেওয়া দুই দেশের মধ্যকার বন্দী প্রত্যর্পণ চুক্তির চরম পরিপন্থী। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখনো তারা কোনো জবাব দেয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, ভারতের এই আচরণ জুলাই বিপ্লবে শহীদদের প্রতি চরম অসংবেদনশীলতা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
স্বৈরাচারী শাসনের মধ্যেও ড্যাবের ভূমিকা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিগত সরকারের চরম নিপীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ড্যাবের চিকিৎসকেরা পেশাগত দায়িত্ব থেকে সরে যাননি। বন্যা, করোনা মহামারি, ডেঙ্গু কিংবা হামের মতো যেকোনো জাতীয় সংকট ও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।
দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এখনো দেশি-বিদেশি নানামুখী চক্রান্ত অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশের সাধারণ জনগণ ও সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ড্যাবের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।