শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন

অক্টোবর ২৭, ২০২৫ Times Asian24
naseeruddin shah and shah rukh khan 20251027170526
Share: Facebook X WhatsApp

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন যে, শাহরুখ দিন দিন ‘একঘেয়ে অভিনেতা’ হয়ে উঠছেন। অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও শাহরুখের পরিশ্রম এবং স্ব-ক্ষমতায় বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেছেন এই বর্ষীয়ান তারকা।

সাধারণত বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় সবকিছু নিয়েই ভক্তদের মধ্যে মুগ্ধতা থাকে। তবে খান-কুমার-দেবগনদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন শাহের মন্তব্য বলিউডের অন্দরেই নতুন আলোচনা তৈরি করেছে।

সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে প্রশ্ন করা হয়েছিল, বলিউড খান, কুমার ও দেবগনদের মধ্যে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে? উত্তরে নাসিরুদ্দিন জানান, তিনি প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন। তবে আলাদা করে এদের অভিনয় দেখার জন্য কখনো কোনো চেষ্টা করেননি।

এই প্রসঙ্গে তিনি একমাত্র অক্ষয় কুমারের কথাই আলাদা করে বলেন। তার ভাষ্যে, ‘একমাত্র অক্ষয় কুমারকেই আমি খুব পছন্দ করি। কারো সাহায্য ও কোনো গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে সে। অভিনয় করারও যোগ্যতা রয়েছে তার। বহু দিন ধরে কাজ করার পরে সে ভালো অভিনেতা হয়ে উঠতে পেরেছে।’
এরপর শাহরুখ খানের কথা আলাদা করে জিজ্ঞাসা করা হলে, নাসিরুদ্দিন শাহ স্বীকার করেন যে শাহরুখও কোনো সাহায্য ছাড়াই নিজের জায়গা করে নিয়েছেন। তবে অভিনেতা হিসেবে তার বর্তমান কাজ নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘সে নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে, যার জন্য আমি তাকে পছন্দ করি। কিন্তু অভিনেতা হিসেবে সে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর গত ২০২৩ সালে শাহরুখ খান সফলভাবে রুপালি পর্দায় ফেরেন। সেই বছর তার অভিনীত তিনটি ছবি ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ বক্স অফিসে ঝড় তোলে। বর্তমানে তিনি তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *