ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর

জুন ৩, ২০২৬ Imran Hossain
S 8 6a1fd55d776d8
Share: Facebook X WhatsApp

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।মঙ্গলবার (২ জুন) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। একইদিন বিকাল ৩টার দিকে দাগনভূঞা পৌর এলাকার দাসপাড়া রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

জুনায়েদ কাইছার সৌরভ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ২০২০ সালের ১৫ অক্টোবর দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে নিজ ভাড়া বাসা থেকে মোটরসাইকেল যোগে পৌর কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হন জুনায়েদ কায়সার সৌরভ। দাসপাড়া রোডের মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী ‘বসুরহাট এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম বলেন, দুপুরে খাবার শেষে অফিসে ফেরার পথে দাসপাড়া রোডের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন আমাদের সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়সার সৌরভ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *