পরিকল্পনা তদারকিতে সংসদীয় কমিটিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান অর্থ ও পরিকল্পনামন্ত্রীর
সরকারি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদের সংসদীয় কমিটিকে আরও তৎপর ও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির উদ্বোধনী বৈঠকে তিনি এ বিষয়ে জোর দেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রথম এই সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ চলমান প্রকল্পগুলোর সার্বিক কাজের গতি পর্যালোচনা করা হয়। শুরুতেই সদস্য ও কর্মকর্তাদের পরিচয় পর্ব শেষে মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে একটি সার্বিক প্রতিবেদন তুলে ধরা হয়।
সভায় বিশেষ বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের স্বচ্ছতা ও সঠিক জবাবদিহিতা ধরে রাখতে সংসদীয় কমিটির সার্বিক তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় কাজকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
কমিটির প্রধান জহির উদ্দিন স্বপন আশাবাদ প্রকাশ করে বলেন, নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত তদারকির মাধ্যমে এ কমিটি পরিকল্পনা বিভাগের কর্মকাণ্ডে আরও বেশি স্বচ্ছতা ও গতিশীলতা আনতে সক্ষম হবে।
প্রথম এই বৈঠকে প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ কমিটির অন্যান্য সংসদ সদস্য—কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মো. শওকতুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম ও মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশ নেন।
এছাড়া পরিকল্পনা কমিশনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সচিবগণ, বিপিপিএ-এর সিইও এবং সংসদ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।