১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

নির্ধারিত দিনেও হাজির নন মুফতি আমির হামজা, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

​আজ রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ প্রদান করেন।

​মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ রবিবার আমির হামজার আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় আদালত এই নির্দেশনা দেন।

​অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বলেন, “এর আগে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজকেও তিনি আদালতে উপস্থিত হননি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞ আদালত আজ তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।”

​মামলার পটভূমি

​আদালত ও মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মানহানি মামলাটি দায়ের করা হয়।
​মামলা দায়েরের পর ওই দিনই আদালত আসামির প্রতি সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার পর আজ রবিবারও আদালতে অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিলেন আদালত।

সর্বশেষ