চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডের এইচএসসি পরীক্ষা যথাসময়ে, স্থগিত শুধু ৩ দিনের পরীক্ষা

July 12, 2026 Times Asian24
HSC 20260622 210624819 20260708 005448433
Share: Facebook X WhatsApp

টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের অন্য সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের অধীনে আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

​আজ রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

​বিজ্ঞপ্তির তথ্যমতে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষা নির্ধারিত রুটিনেই চলবে। একই সঙ্গে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম বিভাগের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কারণে কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

স্থগিত পরীক্ষার বিবরণ:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব জেলা এবং সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত থাকবে।

এর আগে আজ দুপুরে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যার কারণে পরীক্ষা আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দুর্যোগপূর্ণ এলাকার স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে সুবিধাজনক সময়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *