‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি’: যুবদল নেতার পোস্টার ঘিরে তোলপাড়

September 16, 2026 Times Asian24
resize 600x315x1x0 image 4251 1789548991
Share: Facebook X WhatsApp

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে এক যুবদল নেতার ছবি ও নাম সম্বলিত বিতর্কিত পোস্টার সাঁটানো নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এতে সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান খোকনকে ‘গাঁজার ডিলার’ হিসেবে উল্লেখ করে নির্বাচনে জিতলে সবার জন্য বিনামূল্যে মাদক সরবরাহের চমকপ্রদ সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে বিষয়টি এখন মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে।

​গত সোমবার রাতে সিরাজপুরের শাহজাতপুর গ্রামের দেয়ালগুলোতে প্রথম এই পোস্টারগুলো চোখে পড়ে। পোস্টারে রাজনৈতিক প্রার্থীর ধাঁচে খোকনকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখানো হয়েছে। সেখানে স্থান পাওয়া স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—‘বেকারদের জন্য বিশেষ গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের জন্য ফ্রী কার্ড’, ‘স্কুল-কলেজ এলাকায় মাদকের ফ্রি সরবরাহ’ এবং ‘থানা-পুলিশ আমার ভাই, চাঁদা তুলেই উন্নয়ন চাই’। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটির ছবি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

​এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মাসুদুর রহমান খোকন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তার ভাষ্যমতে, এটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য প্রতিপক্ষের সাজানো চক্রান্ত। খোকন বলেন, “আমি কাঠের ব্যবসা করে দিনযাপন করি, মাদকের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আসন্ন ইউপি নির্বাচনেও আমার দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি স্কুলে ছেলে সংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে ইউনিয়ন জামায়াতের আমিরের সঙ্গে মনোমালিন্য হয়, সেই শত্রুতার জেরেই তারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে।”

​অন্যদিকে এই অভিযোগ খণ্ডন করেছেন সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রধান আবুল হাসেম। তার দাবি, রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ থেকে জামায়াতকে জড়ানো হচ্ছে। স্থানীয়ভাবে খোকনের নিজের দলের মধ্যকার মাদক সংক্রান্ত দ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি খোকনের ছেলের বিরুদ্ধে নারীঘটিত বা উত্ত্যক্তকরণের জেরে স্কুলে এক অপ্রীতিকর ঘটনা ঘটার কথা উল্লেখ করে জামায়াত নেতা জানান, এই পোস্টার কাণ্ডের সাথে তার পরিবারের কেউ যুক্ত নন।

​কোম্পানীগঞ্জ থানা প্রশাসন জানিয়েছে, স্থানীয় সূত্রে বিষয়টি তারা শুনেছেন। তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত লিখিত এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *