গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ১১৫ ফিলিস্তিনি

মে ১৭, ২০২৫ timesasian24
AA 20250516 37971933 37971932 ISRAELI ATTACKS ON GAZA CONTINUE 1747443059
Share: Facebook X WhatsApp

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৫৩ হাজার ১১৯ জনে পৌঁছেছে।

শনিবার (১৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে, বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ২১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলের আগ্রাসনে মোট আহতের সংখ্যা এক লাখ ২০ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরাইল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৯৮৫ জন নিহত এবং আট হাজার ১৭৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *