২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

কুরআন শরিফে হাত দিয়ে কসম করে কি বলতে পারবেন নির্বাচন সুষ্ঠু হয়েছে : তাহেরী

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নির্বাচনি ফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী জানিয়েছেন, ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে তারা আইনি লড়াইয়ে যাবেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) ভোট কারচুপি, জালিয়াতি, প্রহসনমূলক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে না। পুনরায় নির্বাচনের দাবীতে আইনি লড়াই হবে। মামলার উপাদান প্রমাণসহ নথিভূক্ত। ইনশাআল্লাহ।’

ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, জালভোট, ভোট কারচুপি জবরদখলের পাশাপাশি মোমবাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। 

হবিগঞ্জ-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তার নির্বাচনি আসনে আধিপত্য, দখলদারিত্ব ও পেশিশক্তি ব্যবহার করে ইচ্ছে মতো ফল তৈরি করা হয়েছে। অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে মোমবাতির এজেন্টদের কোনো স্বাক্ষর নেই বলেও অভিযোগ করেন তাহেরী।

প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তাহেরী বলেন, ‘আমার প্রতিপক্ষ যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে, কুরআন শরিফে হাত দিয়ে কসম করে বলতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? তারা কি কেন্দ্র দখল করে নাই? এরকম নির্বাচন কি চুনারুঘাট-মাধবপুরবাসী চেয়েছিল?’ 

সবশেষে তাহেরী জানান, তার দল সব ধরণের কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে। 

সর্বশেষ