৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে জুলাই যোদ্ধার ওপর হামলা, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বা ‘জুলাই যোদ্ধা’ এবং সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এই হামলার শিকার হন তিনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। হুসাইন আহমেদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজা সেকেন্ডার জানান, আহতের শরীরে বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ বা জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ