আমরা উত্তেজনা বাড়াতে চাই না: এস জয়শঙ্কর

মে ৮, ২০২৫ timesasian24
ac729e3be4426b50455285550e4c8fee 681ca475c968b
Share: Facebook X WhatsApp

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে আমাদের বিরুদ্ধে যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার কড়া জবাব দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই।

বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন।

জয়শঙ্কর জানান, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার কারণে ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই সামরিক অভিযান এখনো চলমান। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানান। রাজনাথ সিং বলেন, ভারত সরকার নতুন করে হামলা চালাতে চায় না। তবে শত্রু পক্ষের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

এই উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিক ও বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘ভয়াবহ’ সংঘাত হিসেবে উল্লেখ করে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সম্ভাব্য যুদ্ধ এড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

চলমান এই সংঘাতে উভয় পক্ষে প্রাণহানির সংখ্যা বাড়ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে নয়াদিল্লির দাবি, পাকিস্তানি গোলাবর্ষণে ভারতের দিকে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *