স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রার্থীদের সমর্থন দিতে পারবে বলে উল্লেখ করেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ জন ছাত্রীকে বাইসাইকেল উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রশাসক আব্দুস সালাম অংশ নিলে তাঁকে সমর্থন দেওয়ার কথা বললেও মনোনয়নের কথা বলেননি বলে দাবি করেন মীর শাহে আলম। তাঁর বক্তব্যের সম্পূর্ণ অংশ প্রচার না করে খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সারাদেশে পর্যায়ক্রমে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।