সৌদি আরবের দুই বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: নারীসহ নিহত ৩, আহত অন্তত ৩৬
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের প্রাণঘাতী হামলায় তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার চালানো পৃথক দুটি হামলায় আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
সংবাদসংস্থা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হয়। রিয়াদের হামলায় এক সুদানি নাগরিক নিহত হন এবং সেখানে আরও আটজন আহত হন, যাদের মধ্যে পাঁচজন স্থানীয় সৌদি নাগরিক।
অন্যদিকে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৮ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ মর্মান্তিক ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সংস্থা ‘গালফ কোঅপারেশন কাউন্সিল’ (জিসিসি)। হামলার পর পর সৌদি আরবে মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে রিয়াদের যুক্তরাষ্ট্র দূতাবাস। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে ভ্রমণকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।