ইমরানের মুক্তিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের বিশাল মার্চ, কড়া পাহারায় রাজধানী
কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে বিশাল লংমার্চ শুরু করেছেন দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
সোমবার (৪ অক্টোবর) পিটিআই সূত্রের বরাতে জানা যায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচিটি প্রদেশের প্রধান প্রধান পথ অতিক্রম করে রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এই লংমার্চে মূল নেতৃত্ব দিচ্ছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। তিনি সমর্থকদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং ইমরান খানের চূড়ান্ত মুক্তির দাবিতে রাজপথে নামার আহ্বান জানান।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সরকারের সঙ্গে আলোচনার সুবিধার্থে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হওয়ায় পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী আবারও লংমার্চ শুরু করে দলটির নেতাকর্মীরা।
এদিকে পিটিআই-এর এই কর্মসূচি কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করেছে দেশটির প্রশাসন। পাকিস্তান সরকার জানিয়েছে, মিছিলকারীদের কোনো অবস্থাতেই রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রাজধানীতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরানের দল পিটিআইয়ের সাথে সরকারের চরম রাজনৈতিক বিরোধ সৃষ্টি হয়। ২০২৩ সালে ইমরান খান গ্রেপ্তার হলে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে দলটির ওপর তীব্র প্রশাসনিক দমন-পীড়ন চালানো হয়। ৭৪ বছর বয়সী ইমরান খান বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। যদিও বেশ কয়েকটি মামলায় তাঁর সাজা বাতিল বা স্থগিত করা হয়েছে, ইমরান নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করছেন। তবে দেশটির সরকার ও সেনাবাহিনী তাঁর এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।