পানি বণ্টন: ভারতের কাছ থেকে ন্যায়সঙ্গত পাওনা আদায়ে দৃঢ় অবস্থান ঢাকার
সীমান্তবর্তী নদীগুলোর পানি সহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ে কাজ করবে বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকার। বাংলাদেশ আন্তর্জাতিক আইনের ভিত্তি ও দেশের জনগণের আকাঙ্ক্ষাকে শক্তি হিসেবে নিয়ে আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ভবনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দুই বন্ধুপ্রতিম দেশের পানি সমস্যা নিরসনে দ্বিপক্ষীয় ও কারিগরি স্তরে নিয়মিত যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ভারতের প্রতিনিধিদের নাম আহ্বান করেছে। ভারতের পক্ষ থেকে সাড়া পেলেই উভয় দেশের প্রতিনিধিরা দ্রুত আলোচনায় বসবেন, যা বিদ্যমান চুক্তি নবায়নসহ ভবিষ্যৎ পানি বণ্টনের পথ উন্মুক্ত করবে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ থাকলে আলোচনা ও কূটনীতির পথেই তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানির সুষ্ঠু ও বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। আইনগত অধিকার ও শক্তিশালী কূটনৈতিক উদ্যোগই এ বিষয়ে বাংলাদেশের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।