রাজশাহী কলেজ থেকে নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতা গ্রেফতার, পুলিশে সোপর্দ

June 28, 2026 Times Asian24
1782652715 screenshot 6 28 2026 6 53 48
Share: Facebook X WhatsApp

​রাজশাহী কলেজে স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে এসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

​আজ রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

​গ্রেফতারকৃত সজিব আলী (২৪) রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

​কলেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের নিয়মিত ছাত্র। আজ তার চূড়ান্ত পর্বের ভাইভা পরীক্ষা থাকায় তিনি ক্যাম্পাসে আসেন। পরীক্ষা কেন্দ্রের সামনে তাকে দেখামাত্র সাধারণ শিক্ষার্থীরা চিনে ফেলেন এবং সেখানে তাকে অবরুদ্ধ করা হয়। পরে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীরা তাকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।

​এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের সহায়তায় সজিব নামের ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *