সৌদির সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান-তুরস্ক, সেনাপ্রধানদের বৈঠক

September 26, 2026 • timesasian24
bec61f5594bf16f2c4d3716150581579 6ab7316df3882
Share: Facebook X WhatsApp

ইরাক ও ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অব্যাহত হামলা ও হুমকির মুখে সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খবর আলআরাবিয়ানের।

বৈঠকটি মূলত সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ আওতায় অনুষ্ঠিত হয়। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো— মিত্র তিনটি দেশের যেকোনো একটির ওপর সামরিক হামলা হলে তা অন্য সকল পক্ষের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

বৈঠকে তিন দেশের সামরিক প্রধানরা তাদের যৌথ অঙ্গীকারকে অবিলম্বে কার্যকর সামরিক সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সমন্বয় সাধন এবং সমন্বিত আকাশ ও সামরিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

একই সঙ্গে সৌদি আরবে বেসামরিক নাগরিক, পবিত্র মক্কা নগরী এবং অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার কঠোর নিন্দা জানান পাকিস্তান ও তুরস্কের সেনাপ্রধানরা। এ সময় সৌদির নাগরিক ও বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দেশটির সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং তাৎক্ষণিক সতর্ক অবস্থানের ভূয়সী প্রশংসা করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতার মধ্যে এই সামরিক জোটকে একটি নতুন ও শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা কাঠামো হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *