বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা

সেপ্টেম্বর ১৭, ২০২৫ Times Asian24
WhatsApp Image 2025 09 16 at 11 68c9a6a5e7782
Share: Facebook X WhatsApp

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ অংশ নিতে ভারত ও শ্রীলংকা যাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এর আগে দলটির সম্মানে রাজধানীর ইন্ডিয়া হাউসে সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন।

প্রণয় ভার্মা বলেন, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো গভীর বন্ধন ভারত ও বাংলাদেশকে এক করেছে। এর পাশাপাশি ক্রিকেটও দুই দেশের জনগণকে দৃঢ়ভাবে যুক্ত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলও গত কয়েক বছরে দারুণ অগ্রগতি করেছে। তারা উচ্চমানের ক্রিকেট খেলছে এবং উৎসাহ-আত্মবিশ্বাসের মাধ্যমে দেশকে গর্বিত করছে।

নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। আশা করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি মেয়েকে অনুপ্রাণিত করবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে।’

তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য কামনা করেন এবং শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন। এবারের বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করতে যাওয়া শাথিরা জাকির জেসিও অনুষ্ঠানে অংশ নেন। তিনিই হবেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি আইসিসি বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন।

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলংকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *