৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কারাগারে

কুমিল্লার দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ উপজেলার ভানী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় দায়ের হওয়া দুটি পৃথক চেক জালিয়াতি মামলায় আদালত বিচারিক কার্যক্রম শেষে রায় প্রদান করেন। একই গ্রামের আলী আশ্রাফ বাদী হয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করলে ওই মামলায় ৫ লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

অপর একটি মামলায় ৩২ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়, অন্যথায় এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বাড্ডা এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে দেবিদ্বার থানায় নিয়ে আসেন এবং রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ