ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

মে ২৪, ২০২৫ timesasian24
S4QOEJ3RXRPB5MCSDHEFXTOEW4
Share: Facebook X WhatsApp

যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমান দুর্ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার মধ্যে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয় আরোহী সবাই নিহত হয়েছেন।

তদন্তকারী সংস্থাগুলো জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৩টা ৪৭ মিনিটে ৫৫০ সিটেশন বিমানটি বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে সান ডিয়েগোর মারফি ক্যানিয়ন এলাকার একটি পাড়া অঞ্চলে পড়ে যায়।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ড্যান বেকার জানান, মাটিতে কেউ গুরুতর আহত হননি।

যদিও বেকার মৃত্যুর সংখ্যা নির্দিষ্ট করে বলেননি, তবে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আগেই জানিয়েছিল, উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।

সান ডিয়াগো কাউন্টির মেডিকেল পরীক্ষকের দপ্তর যাদের পরিচয় নিশ্চিত করেছে, তাদের মধ্যে আছেন ৪২ বছর বয়সী সংগীত এজেন্ট ডেভ শ্যাপিরো, ২৫ বছর বয়সী এমা হিউক এবং ৩৬ বছর বয়সী সেলিনা কেনিয়ন।

সংগীতজগতের পরিচিত মুখ শ্যাপিরো ‘সাউন্ড ট্যালেন্ট গ্রুপ’-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্ঠানটি সুম ৪১ ও ভেনেসা কার্লটনের মতো শিল্পীদের প্রতিনিধিত্ব করেছে।

প্রতিষ্ঠানটি মার্কিন গণমাধ্যমকে জানায়, তাদের আরও দুই কর্মী—বুকিং সহকারী হিউক ও কেনডাল ফোর্টনার—ও এ দুর্ঘটনায় নিহত হন। এক বিবৃতিতে সাউন্ড ট্যালেন্ট গ্রুপ বলে, ‘আমাদের সহ-প্রতিষ্ঠাতা, সহকর্মী ও বন্ধুদের হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

সামাজিক মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, সেলিনা কেনিয়ন ছিলেন পেশাদার আলোকচিত্রী ও এক কন্যা সন্তানের জননী। তার বাবা ব্রায়ান চার্লস ফেল্ডম্যান এনবিসি৭-কে জানান, কেনিয়ন বান্ধবীদের সঙ্গে বাণিজ্যিক বিমানে না গিয়ে ব্যক্তিগত বিমানেই ফিরছিলেন, যাতে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *