ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘ভুয়া’ বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ও পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম ‘অ্যাক্সিওস’-এ প্রকাশিত এমন একটি প্রতিবেদনকে ‘ভুয়া ও প্রতারণামূলক’ আখ্যা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তিনি স্পষ্ট করেন, “অ্যাক্সিওস দাবি করেছে যে ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা পুরোপুরি মিথ্যা। আমি তেহরানকে এ জাতীয় কোনো প্রস্তাব দিইনি।”
অ্যাক্সিওসের সাংবাদিক ট্রাম্প প্রশাসনের অজ্ঞাত কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে দাবি করেছিলেন, যুদ্ধ থামাতে এবং ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর কড়া লাগাম টানতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে ট্রাম্প কড়া ভাষায় জানান, এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন মূলত রাজনৈতিক উদ্দেশ্যে ও ট্রাম্পবিরোধী মানসিকতা থেকে ছড়ানো হয়েছে।