পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের নানা বিষয়, সংসদে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে স্থান পেতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, ছাত্র-জনতার আন্দোলন দমনকালে চালানো গণহত্যা এবং বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের নানা বিতর্কিত অধ্যায়। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই অনুষ্ঠিত এ প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে লিখিত উত্তর পাঠ করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী করে জুলাই অভ্যুত্থানের পেছনের কারণ, সার্বিক ঘটনাক্রম, ছাত্র-জনতার আত্মত্যাগ, নারীদের অংশগ্রহণ এবং এর ঐতিহাসিক তাৎপর্য পাঠ্যবইয়ে তুলে ধরা হবে। একই সঙ্গে নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা, পিলখানা হত্যাকাণ্ড এবং গণমাধ্যমের ওপর হস্তক্ষেprocএর মতো ঘটনাগুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০২৭ সালের শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন এ সিলেবাসে পড়ার সুযোগ পাবে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় একগুচ্ছ নতুন পরিকল্পনা
সংসদের একই অধিবেশনে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং অবকাঠামোগত সংস্কার নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
- প্রাথমিকে অফিস সহকারী পদ: প্রাথমিক শিক্ষকদের ওপর প্রশাসনিক কাজের চাপ কমাতে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে। ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৫) অনুমোদিত হলে এটি বাস্তবায়িত হবে।
- মাদ্রাসায় ‘মিড ডে মিল’: মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (এসইডিপি) আওতায় ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে দেশের সব এবতেদায়ী ও মাধ্যমিক স্তরের মাদ্রাসায় দুপুরবেলার খাবার (মিড ডে মিল) চালুর পরিকল্পনা রয়েছে।
- বেসরকারি প্রাথমিক জাতীয়করণ আপাতত নয়: নিবন্ধিত ১,৮৭৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়। তবে যেসব এলাকায় শিক্ষা সুবিধা অপ্রতুল, সেখানে প্রয়োজনীয়তা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
- প্রাথমিকে ঝরে পড়া ১৬.২৫%: প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার কমাতে ৩৪৯টি উপজেলায় ‘মিড ডে মিল’, উপবৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা ও শিক্ষা উপকরণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- কিন্ডারগার্টেন নিবন্ধন: বেসরকারি কিন্ডারগার্টেনগুলোকে সুষ্ঠু নীতিমালার আওতায় আনতে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত ১,৭৮৩টি কিন্ডারগার্টেন নিবন্ধিত হয়েছে।