‘কখনো বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে’

May 21, 2026 Times Asian24
untitled 1 20260521160652
Share: Facebook X WhatsApp

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বছরের পর বছর দেশের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ করা হয় তাকে। ১৮ মাস সেখানে কাজ শেষে এবার দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন।

সালাউদ্দিন নতুন করে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবির হাই-পারফর্মম্যান্স বিভাগের। জাতীয় দল থেকে এইচপি দলে এলেও সালাউদ্দিন অবশ্য নিজের কাজ নিয়ে খুশি। আজ বৃৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, তিনি কোচ হিসেবে যেকোনো জায়গায় কাজ করতে রাজি।

সালাউদ্দিন বলেন, ‘পেছন থেকে সাপোর্ট করতে পারলেও, যতটুকু পারি করব, না পারলে করব না। আমি কোনো দিন বলিনি আমাকে জাতীয় দলের কোচ বানাতেই হবে। আপনারাই বলেছেন, আপনারাই বানিয়েছেন। দিনশেষে আমি কোচ, যেখানে কাজ করে মজা পাব সেখানেই করব। আমি এমন একটা মানুষ, আমার কোনো আক্ষেপ নেই। আমি কখনও আক্ষেপ নিয়ে বাঁচি না।’

সালাউদ্দিন অবশ্য মিস করবেন না জাতীয় দল, ‘আমি তো বাংলাদেশ-স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না। ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানেই থাকব, কাছাকাছিই থাকব। বেশি দূরে যাচ্ছি না তো। মিস করার তেমন কিছু নেই। হয়ত ড্রেসিংরুমের ভেতরটা মিস করতে হতে পারে। সময়গুলো ভালো ছিল। কোচিং তো আমাকে করতেই হবে। ওরাও আমার কাছে আবার আসবে। টাইগার্স নেই এখন, আমার অধীনেই চলে আসবে।’

জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সালাউদ্দিন বলেন, ‘মূল লক্ষ্য হলো, দেশের মাটিতে যতগুলো টেস্ট আছে, সেগুলোতে যেন আমরা না হারি। যদি আমরা তা পারি এবং বাইরে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো কঠিন সিরিজে দুই-একটা টেস্ট জিততে পারি, তাহলে মনে হয় আমরা শীর্ষ চারে জায়গা করে নিতে পারব। সেটা করতে পারলে অনেক বড় একটা অর্জন হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *