প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রস্তাবিত কমিটির প্রধান হবেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু এবং এতে সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক পাঁচজন করে সদস্য থাকবে।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এ কমিটির মাধ্যমে সরকারের কাছে যাবে। সেখানে বাস্তবসম্মত কিছু থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে।
সংসদ নেতা বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা। যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যেকোন আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত রয়েছে।আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচ জনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে।
সংসদ নেতা আরও বলেন, কোন পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসল এবং সরকার সেটার মধ্যে কোন বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।
সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত পাঁচ সদস্য হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সংসদ নেতার এ ঘোষণার পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিরোধী দল থেকে পাঁচজনের নাম প্রস্তাব করেন।
বিরোধী দল থেকে কমিটিতে থাকছেন— জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম।
বাকি দুজন হলেন—জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
পরে সংসদ নেতার উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কমিটির একজন সভাপতি প্রয়োজন। তখন সংসদ নেতা তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে, সে জন্য মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এ কমিটির সভাপতি করার প্রস্তাব দেন। উপর্যুক্ত সিদ্ধান্তগুলো আশা করছি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এবং অচিরেই জ্বালানি সংকট থেকে উত্তরণের একটা সময়োপযোগী সমাধান বের হয়ে আসবে ইনশাআল্লাহ।