৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

২২ বছর বিএনপির ছায়াতলে ছিল জামায়াত: ব্যারিস্টার খোকন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যেন ভোটাররা বিপুল ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারে।

সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা বিএনপির কমিটিতে অনেক ত্যাগী ও তৃণমূল নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে ত্যাগীদের যথাস্থানে মূল্যায়ন করা হবে বলে জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতানের হোসেন মানিক, দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিদার হোসেনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতারা।

সর্বশেষ