সৌদি পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী, এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু
পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৫৪টি ফ্লাইটে করে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছান। আজ রবিবার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের বরাতে জানা গেছে, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্র অনুযায়ী, গতকাল শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
ফ্লাইট ও ব্যবস্থাপনাভিত্তিক পরিসংখ্যান:
বুলেটিনের তথ্য অনুযায়ী, তিন এয়ারলাইনসের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরব গেছেন:
বিমান বাংলাদেশ এয়ারলাইনস: ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন।
সৌদি এয়ারলাইনস: ৫৪টি ফ্লাইটে গেছেন ২০ হাজার ৮০ জন।
ফ্লাইনাস এয়ারলাইনস: ২২টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৮৫৯ জন।
মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে গেছেন ৫৫ হাজার ৩৩৯ জন।
আরো এক হজযাত্রীর মৃত্যু:
হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবে নতুন করে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর ফলে চলতি হজ মৌসুমে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। এলাকাভিত্তিক হিসেবে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।