মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের

February 22, 2026 Times Asian24
bobi hajjaj0 699b251b23ee8
Share: Facebook X WhatsApp

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব ঘটনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজের অভিযোগ, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেবো না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ববি হাজ্জাজের অভিযোগ অস্বীকার করেছেন মামুনুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তারা আমাদের মেরেও জিতেছে, এখন কান্নাকাটি করেও জিততে চাচ্ছে। ভোটের দিন তাদের সঙ্গে তেমন কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে যাওয়ার পর তারা আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। পরে আর্মি এসে উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ও আর্মি ছত্রভঙ্গ করে দিয়েছে। যারাই যেখানে আহত হয়েছেন সব আর্মি ও পুলিশের আঘাতে। এভাবে ফ্যাসিবাদী আমলের কায়দায় আঘাত করে, ভোট চুরি-ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয় ছিনতাই করার পর এখন আবার মামলা দিয়ে হয়রানি করার মানে স্থিতিশীল পরিবেশের মধ্যে আগুনে ঘি ঢালা। এর দায়ভার তাকেই বহন করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *