মধ্যস্থতা কার্যক্রমে এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

September 25, 2026 • timesasian24
image 344317 1790326760
Share: Facebook X WhatsApp

 

আন্তর্জাতিক বিরোধ ও সংকট নিরসনে মধ্যস্থতার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহার এবং প্রয়োজনীয় সুরক্ষাকবচ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নিউইয়র্কের ‘তুর্কি হাউসে’ আয়োজিত ‘জাতিসংঘ গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রীপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, ‘বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সবচেয়ে কম থাকে তখন আমাদের মধ্যস্থতায় উদ্যোগী হতে হবে।’

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’-এর মতো উদ্যোগের মাধ্যমে মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণ সক্ষমতায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।

শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টায় জাতীয় মালিকানার ওপর শ্রদ্ধা বজায় রেখে তিনি বিভিন্ন রাষ্ট্র, আঞ্চলিক অংশীদার, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

এ ছাড়া শামা ওবায়েদ টেকসই অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কবার্তার ভিত্তিতে সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতিসংঘের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা জোরদার করার অনুরোধ জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ড ও তুরস্ক যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *