ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে সাবেক যুবলীগ নেতা খুন
কিশোরগঞ্জের ভৈরব বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মো. আল আমিন সৈকত (৪০) নামে এক সাবেক জনপ্রতিনিধি ও যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার (২৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী জসিম মিয়ার ছেলে। রাজনীতি ছাড়াও তিনি স্থানীয় ব্যবসায়ী সংগঠন ‘ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আল আমিন সৈকতের ওপর আচমকা হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। হামলার পর তার রক্তাক্ত চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাকে ভৈরব শহরের ‘আলশেফা জেনারেল হাসপাতালে’ নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় রাতে ঢাকায় স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।