জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন বাতিল চেয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
গত ৪ মে হুমায়ুন কবিরের স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগ। এছাড়া প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা সংক্রান্ত আরও দুটি নথি জমা দেওয়া হয়। পরে জামিন শুনানির জন্য আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় তার জামিন বাতিল চেয়ে আবেদন করে প্রসিকিউশন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। হুমায়ুন কবিরের হয়ে আইনি লড়াই করেন আইনজীবী আবদুল কাইয়ুম।
লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২ মার্চ তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-২। যদিও চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেন একই আদালত।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করা হয়েছে।