আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার (১০ মে) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?
জামায়াত আমির আরও বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।
এছাড়া সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান বলে মন্তব্য করেন তিনি।