নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ডেপুটি স্পিকার

April 24, 2026 Times Asian24
Deputy Speaker 69eb70179d2bb
Share: Facebook X WhatsApp

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমার বাবা মৃত্যুর আগে আমাকে উপদেশ দিয়ে গেছেন- রাজনীতি করলে কখনো দুর্নীতি করা যাবে না। আমি সেই নীতিতে অটল। নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের আওতায় প্রায় ২ হাজার ৪০০ মিটার খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতির সুযোগ নেই, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কাজের পূর্বশর্ত হলো শতভাগ বাস্তবায়ন। কেউ অবহেলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন- ডাক্তার যেমন রোগ নির্ণয় করে চিকিৎসা দেন, তেমনি উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও এই এলাকার ‘ডাক্তার’। আর আমি আপনাদের সেবক হিসেবে কাজ করি। প্রশাসন সঠিকভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব।

কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, দেশের স্বার্থে সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। যারা তা করতে পারবেন না, তারা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং তিনি নিজেও দীর্ঘদিন ধরে এ নীতি অনুসরণ করে আসছেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার একটি বৃক্ষরোপণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *