মধ্যপ্রাচ্যের সংকট মোকাবিলায় ওমানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

April 23, 2026 Times Asian24
dhaka post 2026 04 23t213510772 20260423213600
Share: Facebook X WhatsApp

উপসাগরীয় অঞ্চলের চলমান অস্থিরতা নিরসনে ওমানের শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে বাংলাদেশ। বিশেষ করে সংলাপের মাধ্যমে সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওমানের সুলতানের দূরদর্শী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই মনোভাব ব্যক্ত করেন।

বৃহস্প‌তিবার (২৩ এ‌প্রিল) ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে উভয় পক্ষই উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের টেকসই সমাধানের জন্য সংলাপ ও কূটনীতিক উপায়ে আলোচনার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

বৈঠকে খ‌লিলুর রহমা‌ন বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমা‌নের পক্ষ থে‌কে ওমা‌নের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদকে সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ওমানে বসবাসরত সাত লাখেরও বেশি বাংলাদেশি নাগরিকের প্রসঙ্গটি বৈঠকে গুরুত্বের সঙ্গে উঠে আসে। প্রবাসীদের আতিথেয়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন খলিলুর রহমান। জবাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের দৈনন্দিন জীবনযাত্রা ও জাতীয় অগ্রগতিতে বাংলাদেশিদের কঠোর পরিশ্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ ওষুধ, খাদ্য ও কৃষি এবং বন্দর সরবরাহে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বৃহত্তর অর্থনৈতিক ও ব্যবসায়িক অংশীদারত্বের বিষয়ে বিস্তারিত মতামত বিনিময় করেন।

আলোচনা শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমা‌নের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি‌কে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *