৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

মেঘনায় কোনো সন্ত্রাস মাদক জুয়া-বালু খেকো থাকবে না: ড. মোশাররফ

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মেঘনা উপজেলায় কোনো মাদক, জুয়া, সন্ত্রাস ও অবৈধ বালু খেকো থাকবে না। এসব অপরাধ দমন করতে কঠোর ব্যবস্থা নিতে মেঘনা উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছি। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স। অপরাধীর কোনো ছাড় নেই। সে যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

ড. মোশাররফ এমপি বলেন, মেঘনা উপজেলা নদীবেষ্টিত একটি উপজেলা। এই উপজেলায় যা উন্নয়ন হয়েছে, তা বিএনপির আমলেই হয়েছে। বিগত ১৭ বছর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি মেঘনা উপজেলায়।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেই বিশ্বাস থেকেই  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের জনগণের বিপুল ভোটে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। আর এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর গত ২১ দিনে তিনি দেশ ও জাতির স্বার্থরক্ষায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের প্রশংসা কুড়িয়েছে। তারেক রহমানের হাত ধরেই আগামী ৫ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।

দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।  বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা উপজেলায় ড.মোশাররফ হোসেনকে বিপুল বিজয়ী করায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজহারুল হক শাহিন, মিজানুর রহমান, আবদুল অদুদ মুন্সি, আতাউর রহমান ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ